বরিশালে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Date: 2025-07-01
news-banner

বরিশালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয়।


বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। ওই আসামি হলেন, নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকার বাসিন্দা আশ্রাফ আলী আকনের ছেলে জসিম আকন (৪০)।


পুলিশ জানায়, ২০০৬ সালের ২৭ অক্টোবর পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি গ্রামের খালের পাশ থেকে অফিস সহকারী হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। অ্যাকাউন্টস অফিসে চাকরির সুবাদে তার কাছে টাকা থাকতো। তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়।


এ ঘটনায় সারেংকাঠি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০২৫ সালের ২৯ জানুয়ারি জসিম আকনসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন জসিম।


এ বিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আল-আমিন নাইমের নেতৃত্বে একটি দল বাঘিয়া রাজ্জাক সড়কে অভিযান চালায়। সেখানে আত্মগোপনে থাকা জসিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave Your Comments