লুইস এনরিক কোচ হিসেবে প্রথম ট্রেবল জেতেন ২০১৫ সালে। বার্সেলোনার সেই দলের প্রধান খেলোয়াড় ছিলেন লিওনেল মেসিই। দীর্ঘ এক দশক পর ফের দেখা হচ্ছে দুজনের। তবে এবার এনরিক আর মেসির ঠিকানা ভিন্ন। শুধু আর্জেন্টাইন মহাতারকাই কেন, ইন্টার মায়ামির প্রধান খেলোয়াড়দের প্রায় সবাই তো এক সময় পিএসজির বর্তমান কোচের শিষ্য ছিলেন। লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস, জর্দি আলবা থেকে শুরু করে মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো পর্যন্ত বার্সায় এনরিকের শিষ্য ছিলেন। এই পুনর্মিলন তো তাদের আবেগী করে তোলারই কথা।
রাতেই (রোববার) ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছে পিএসজি ও ইন্টার মায়ামি। এই ম্যাচের আগে সাবেক শিষ্যদের প্রশংসা ঝরেছে পিএসজির কোচ লুইস এনরিকের কণ্ঠে। তার চোখে মেসি যে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় তা স্বীকার করতে কোনো রাখঢাকই করেননি পিএসজিকে ট্রেবল জেতানো এই কোচ ।
ম্যাচের আগের দিন শনিবার (২৮ জুন) এনরিক গণমাধ্যমকে বলেন, 'দশ, পনেরো বছর—আমি জানি না মেসির সেরা সময় কতদিন স্থায়ী হবে। আমার কাছে তিনিই নিঃসন্দেহে ইতিহাসের সেরা ফুটবলারের মানদণ্ড। আমি অন্য মতামতও মেনে নিই, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো—অনেক বছরের ধরে ধারাবাহিকতা বজায় রেখে, সবচেয়ে উচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করা, প্রতি তিন দিন পর পর খেলা চালিয়ে যাওয়া।'
২০১৪-১৭ পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন এনরিকে। ফলে মেসিকে খুব কাছে থেকেই দেখেছেন তিনি। দুজনে জুটি বেঁধে ক্লাব পর্যায়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন। তার চোখে মেসি অন্য জগতের খেলোয়াড়।
এনরিকের ভাষায়, 'বার্সায় কোচ হিসেবে সবকিছু জেতার সৌভাগ্য হয়েছে আমার এবং এই তিন বছর আমি যে শুধু ম্যাচেই উপভোগই করেছি এমনটাও নয়, অনেক অনেক অনুশীলন সেশনেও দেখেছি–প্রতি মৌসুমে আমি কমপক্ষে ২০০ অনুশীলন সেশন করিয়েছি। আমি মেসিকে অনুশীলনে এমন সব কাজ করতে দেখেছি যা অন্য এক শ্রেণির, অন্য এক জগতের — অবিশ্বাস্য সব বিষয়।'
'খেলার চলমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার যে দক্ষতা ও নিয়ন্ত্রণ ক্ষমতা, তা শুধুমাত্র এমন একজনের পক্ষেই সহজ করে তোলা সম্ভব যার ভেতরে ওই গুণগুলো আছে। এটি সত্যিকারের এক আনন্দময়-রোমাঞ্চকর অভিজ্ঞতা, এবং আমি মনে করি, এটা আমাদের সবার মনে গেঁথে থাকা এক সুন্দর স্মৃতি।'–পিএসজির কোচ যোগ করেন।
এদিকে ইন্টার মায়ামির কোচ মাশচেরানো তার সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, তিনি এনরিকের কাছে থেকে কোচিং পেশায় নামার অনুপ্রেরণা পেয়েছেন। এমনকি পিএসজির কোচকে তার ক্যারিয়ারে পাওয়া অন্যতম সেরা কোচের তকমা দিতেও কার্পণ্য করেননি। যার প্রেক্ষিতে সাবেক শিষ্যর প্রশংসা করে তিনি বলেন, মাশচেরানোকে তিনি কোচিং করানোর সময় থেকেই ভালোভাবে চেনেন এবং তার মধ্যে ভবিষ্যতে সেরা কোচ হওয়ার প্রবল সম্ভাবনার কথাও জানান তিনি।