শেষ হলো বরিশালে তিন দিনের মূকাভিনয় কর্মশালা

Date: 2025-06-29
news-banner

কণ্ঠ নয়, মুখভঙ্গি ও দেহভাষাই যেখানে শিল্পীর ভাষা সেখানে সংলাপহীন অভিনয়ই হয়ে ওঠে শক্তিশালী প্রতিবাদ, মানবিক বার্তা কিংবা রঙিন গল্পের বাহক। এমনই এক অভিনব অভিজ্ঞতার মধ্য দিয়ে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হলো তিন দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা। এই কর্মশালাটি শুরু হয় গত ২৬ জুন আর শেষ হয় শনিবার (২৮ জুন) সন্ধ্যায়।


সাদা মেকআপ, কালো পোশাক, নিঃশব্দ সুরে একে একে মঞ্চে প্রাণ পেল নবরস লোকাল বাস এবং স্টপ দ্য ওয়ার এই তিনটি মূকাভিনয় পরিবেশনা। প্রতিটি পরিবেশনায় উঠে আসে মানবতা, সামাজিক বৈষম্য, যুদ্ধের বিভীষিকা এবং ভালোবাসার চিরন্তন এই কর্মশালায় প্রশিক্ষণ দেন খ্যাতিমান মূকাভিনয় শিল্পী ও সাংবাদিক আল মাসুম সবুজ।

 

তিনি বিশিষ্ট মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারের ছাত্র। তার নেতৃত্বে অংশগ্রহণ করেন বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মোট ৪৫ জন উদ্যমী সংস্কৃতিকর্মী। কর্মশালার সমাপনী দিনে বরিশাল জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা জাসাস (দক্ষিণ) এর আহ্বায়ক সাব্বির নেওয়াজ সাগর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু এবং খেয়ালী গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক অপূর্ব রায়।
 

বক্তারা বলেন, মূকাভিনয় শুধু একটি শিল্প নয়, এটি মানবিক চেতনার নিরব ভাষা। এই ভাষা যত চর্চিত হবে, তত আমরা মানবিক ও সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ হব। সমাপনী আয়োজনে অংশগ্রহণকারী প্রত্যেককে হাতে তুলে দেয়া হয় সনদপত্র। 

Leave Your Comments