নিয়মিত অধিনায়ক এইডেন মার্করাম ও নিয়মিত আরও কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা। হারারেতে অনুষ্ঠিতব্য এই সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন রাসি ফন ডার ডুসেন।
বৃহস্পতিবার (২৬ জুন) ফন ডার ডুসেনকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে এই ত্রিদেশীয় সিরিজের দলে রাখা হয়নি নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামসহ নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে। তার বদলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ।
উঠতি ওপেনার লুহান-দ্রে প্রেটোরিয়াস প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন। এসএ-২০'র সবশেষ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন এই এই ১৯ বছর বয়সী। ওডিআই ও টেস্টের পর টি-টোয়েন্টিতেও প্রথমবারের মতো ডাক পেয়েছেন করবিন বশ্চ। এসএ-২০'তে নজর কাড়া আরেক ব্যাটার রুবিন হেরমানও প্রথমবারের মতো ডাক পেয়েছেন। বশ্চের মতো দুই ফরম্যাটে এরই মধ্যে খেলে ফেলা স্পিনার সিনুরান মুথুস্বামীও এবার টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন।
এদিকে, এই ত্রিদেশীয় সিরিজ দিয়ে ফিরছেন দুই পেসার নান্দ্রে বার্গার ও জেরাল্ড কোয়েতজি। দুজনই দীর্ঘদিন ইনজুরিতে ভুগেছেন এবং এই মুহূর্তে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলছেন। দুই বছর পর দলে ফিরছেন দেভাল্ড ব্রেভিসও।
সব ফরম্যাটের কোচের দায়িত্ব পাওয়ার পর এটি সুকরি কনরাডের প্রথম টি-টোয়েন্টি অ্যাসাইনমেন্ট। আগামি ১৪ জুলাই হারারেতে এই ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে। সিরিজের ফাইনাল আগামী ২৬ জুলাই মাঠে গড়াবে।
ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড: রাসি ফন ডার ডুসেন (অধিনায়ক), করবিন বশ্চ, দেভাল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, রিজা হেনড্রিকস, রুবিন হেরমান, জর্জ লিনদে, কিওয়েনা মাপাখা, সেনুরান মুথুস্বামী, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুহান-দ্রে প্রেটোরিয়াস ও আন্দিলে সিমেলানে।