গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকচাপায় রহিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক পথচারী।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের রহমানের স্ত্রী।
এ ঘটনায় গুরুতর আহত একই উপজেলার জয়পাশা গ্রামের সৈয়দ জামালউদ্দীন (৭০)। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে জামালকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, ঢাকা খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রহিমা ও জামাল। এ সময় দ্রুতগতির একটি বালু ভর্তি ট্রাক দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই রহিমা বেগম নিহত হন। গুরুতর আহত হন জামাল উদ্দীন। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রহিমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।