মোহাম্মদপুরের পাটালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফ গ্রেফতার

Date: 2025-06-24
news-banner

রাতভর অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুরের পাটালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


মঙ্গলবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

 
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ মে রাত দেড়টা দিকে মোহাম্মদপুর থানাধীন জাফরাবাদ এলাকায় কথা কাটাকাটির জেরে কুখ্যাত পাটালি গ্রুপের নেতা হাসান, ইয়াসিন, পিপড়া রাজিবসহ ১০/১২ জনের একটি দল ওই এলাকার একই পরিবারের সদস্য রাব্বি, সাব্বির ও কাশেমসহ ৬ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান।
 
এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হলে মোহাম্মদপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে এরমধ্যে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শাহীন ও পিপড়া রাজিবকে গ্রেফতার করা হয়।
 

 
পুলিশ সূত্র আরও জানায়, ওই ঘটনার ধারাবাহিকতায় ২৩ জুন রাতে সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার একটি টিম সাড়াশি অভিযান চালিয়ে পাটালি গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনকে (২০) ঘটনায় ব্যবহৃত চাপাতিসহ রায়ের বাজার বোটঘাট এলাকা থেকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামি ইয়াসিনকে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে মধ্যরাত সাড়ে ৪টার দিকে পাটালি গ্রুপের আরেক সদস্য কুখ্যাত সদস্য শরীফকে কাদিরাবাদ এলাকায় আত্মগোপন থাকা অবস্থায় গ্রেফতার করে। শরীফের দেখানো মতে বোটঘাট খালপাড়ে লুকিয়ে রাখা ওই দিনের ঘটনায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়। তাদেরকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়। আসামিদের আদালতে নিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।
 
বাকি পাটালি গ্রুপের সদস্যদের গ্রেফতারে জোরালো অভিযান চলমান আছে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
 
উপরোক্ত অভিযানের পাশাপাশি মোহাম্মদপুর থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে দ্রুত বিচার আইনে ৭, সন্ত্রাসবিরোধী মামলায় এক, দস্যুতার অভিযোগে এক, পরোয়ানাভুক্ত মূলে ৪, এজাহারনামীও ৩ সহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Leave Your Comments