ঠাকুরগাঁওয়ে নির্বাচন অফিসে দুদকের অভিযান

Date: 2025-06-23
news-banner

অতিরিক্ত অর্থ আদায়, কাজে হয়রানি, কার্ড প্রদানে ভোগান্তিসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


সোমবার (২৩ জুন) দুপুরে দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 
অভিযান পরিচালনার সময় বেশ কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন। এ সময় তারা দুদক কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন,  নির্বাচন অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না। এছাড়া সময় মতো ভোটার কার্ড প্রদান না করে অর্থের লোভে মাসের পর মাস হয়রানি করা হয় ভোটাদের। এছাড়া দূর-দূরান্ত থেকে ভুক্তভোগীরা কাজের জন্য এসে চরম ভোগান্তির শিকার হন।


 
সব কিছু শোনার পর দুদকের কর্মকর্তারা তাদের আইডি কার্ড প্রদানে তাৎক্ষণিকভাবে সহায়তা করেন। এছাড়া ঘুষ গ্রহণের সাথে কোন কর্মকর্তা বা কর্মচারী জড়িত সে বিষয়ে তদন্ত করেন। নির্বাচন অফিসে এমন অভিযান জরুরি ছিল বলে জানান স্থানীয়রা।
 

 
তদন্ত শেষে দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী জানান, অভিযোগে বেশকিছু প্রমাণ মিলেছে। যারা হয়রানির শিকার হচ্ছিলেন তাদের কয়েকজন উপস্থিত ছিলেন, তাৎক্ষণিক তাদের বিষয়ে সমাধান দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য অভিযোগের বিষয় আরও খতিয়ে দেখে সংশ্লিষ্ট কার্যালয়ে পত্র পাঠানো হবে যেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

Leave Your Comments