ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ইসরাইলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। সোমবার (২৩ জুন) ইরানের সংবাদ সংস্থা ইসনার বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
মধ্য ইস্পাহান প্রদেশের নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেসহারাকির বরাতে ইসনা বলেছে, অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে নেয়া হচ্ছিল। ড্রোন হামলায় অ্যাম্বুলেন্সটি অনেকটাই ভেঙে চুরমার হয়ে গেছে।
ফেসহারাকি আরও বলেন, অ্যাম্বুলেন্সে থাকা চালক, রোগী ও রোগীর সঙ্গে থাকা স্বজন নিহত হয়েছেন। ড্রোন হামলার পর অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়।
এদিকে ইরানে ইসরাইলি হামলায় আমেরিকার যোগদানের পর সোশ্যাল মিডিয়ায় দেয়া প্রথম বিবৃতিতে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ইহুদি শত্রু একটি বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; তাকে শাস্তি দিতে হবে এবং তাকে শাস্তি দেয়া হচ্ছে; এখনই তাকে শাস্তি দেয়া হচ্ছে।
পোস্টটির সঙ্গে একটি জ্বলন্ত খুলির ছবিও ছিল যার ওপর জ্বলন্ত ভবনের পটভূমিতে স্টার অব ডেভিডের চিহ্ন রয়েছে।