স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
লালমনিরহাটের পাটগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মেরাজ (১৯) ও অনিক (২০) নামের দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) জুমার নামাজের আগ মুহূর্তে উপজেলার বাউরা ইউনিয়নের রেলগেট সংলগ্ন এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রাম থেকে বাউরা-বড়খাতা অভিমুখে স্থানীয় বড় মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন মেরাজ ও অনিক। পথে দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মেরাজ।
গুরুতর আহত অনিককে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে রাতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহত মেরাজ লালমনিরহাট সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী এবং পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার বাসিন্দা আলিউল ইসলামের ছেলে। অনিক একই এলাকার একরামুল হকের ছেলে।
দুই বন্ধুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের জানাজা ও দাফন শুক্রবার গভীর রাতে এলাকাবাসীর উপস্থিতিতে সম্পন্ন হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পিকআপ চালককে আটকের চেষ্টা করছে বলে জানা গেছে।