২০১৫-১৬ মৌসুম থেকেই অ্যাতলেটিকো মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় অ্যানহেল কোরেয়া। কিন্তু দীর্ঘ ১০ বছরের এই যাত্রা হয়ত এবার থামছে। খবর সত্যি হলে ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই উইঙ্গার মাত্র ৩০ বছর বয়সেই ইউরোপের লিগ ছাড়তে চলেছেন।
মেক্সিকোর শীর্ষ লিগ লিগা এমএক্সের দল দ্য তিগ্রেসে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার অ্যানহেল কোরেয়া। এমন খবরই জানিয়েছেন সাংবাদিক সিজার লুইস মেরলো। তিনি জানিয়েছেন, মে মাসে আলোচনা শুরু হওয়ার পর সাম্প্রতিক সময়ে দুই ক্লাব চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন। পাঁচ বছরের চুক্তিতে মাদ্রিদের ক্লাবটি ছেড়ে মেক্সিকান ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন কোরেয়া।
এই মুহূর্তে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলছেন কোরেয়া। নিজেদের প্রথম ম্যাচে পিএসজির কাছে ৪-০ গোলে হেরেছে মাদ্রিদের ক্লাবটি।
কোরেয়া যোগ দিলে মেক্সিকোর শীর্ষ লিগে বিশ্বচ্যাম্পিয়ন খেলোয়াড়ের সংখ্যা আরও বাড়তে যাচ্ছে। বর্তমানে লিগা এমএক্সের ক্লাব মন্তেরিতে খেলছেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা সার্জিও রামোস। তিগ্রেসের প্রধান কোচ গুইদো পিজারও নিশ্চিত করেছেন যে, ক্লাবটি কোরেয়াকে দলে টানতে আগ্রহী, 'আলোচনাটা অনেকটাই এগিয়ে গেছে, আর ও নিজেও আসতে চায়। আশা করি খুব শীঘ্রই সবকিছু চূড়ান্ত হবে। যদি সে আমাদের দলের খেলার ধরন অনুযায়ী শক্তি বাড়াতে পারে, তাহলে তাকে সবসময় স্বাগত।'
এর আগে মেক্সিকোর শীর্ষ লিগে খেলেছেন বেশ কয়েকজন বিশ্বকাপজয়ী। এই তালিকায় আছেন রোনালদিনিয়ো, বেবেতো, রিকার্দো রুগেরি ভাভা, ফ্লোরিয়ান থাউভিন, হেক্টর জেলাদা, রিকার্দো লাভোল্পে, লুইস ইসলাস, এদু এবং কৌতিনিয়োর মতো তারকা।
২০১৪ সালে আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জো থেকে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন কোরেয়া। এরপর ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৬৮ ম্যাচে ৮৮ গোল ও ৬৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। এ সময়ে মাদ্রিদের ক্লাবটির হয়ে লা লিগা, ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছেন তিনি।
কোরেয়ার শূন্যস্থান পূরণে এরই মধ্যে দলবদলের বাজারে নেমেছে মাদ্রিদের ক্লাবটি। সিরি আ'র ক্লাব আতালান্তার নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকমানকে দলে ভেড়াতে আগ্রহী তারা। তবে এর জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে তাদের। আতালান্তা সাফ জানিয়ে দিয়েছে ৬০ মিলিয়ন ইউরোর নিচে সোনার ডিম পাড়া হাঁস তারা ছাড়বে না।