মায়ের হয়ে প্রতিবেশীর কাছে ক্ষমা চাইতে গিয়ে প্রাণ হারাল কিশোর

Date: 2025-06-18
news-banner

গরু ক্ষেত খাওয়ার অপবাদে মাকে পিটিয়ে আহত করে প্রতিবেশী। এরপরও মায়ের হয়ে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না ১৭ বছরের কিশোর আশিক মণ্ডল (১৭)। প্রতিবেশীর মারধরে প্রাণ গেল তার।


মঙ্গলবার (১৭ জুন) দিনগত রাতে পাবনার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের রামকান্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিক রামকান্তপুর গ্রামের মো. হন্তেশ মণ্ডলের ছেলে।

 
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে প্রতিবেশী আরোফ মৃধার ক্ষেত খায় গরু। সেই গরু আশিকের মায়ের গরু অপবাদ দিয়ে তার মাকে বেধড়ক মারধর করেন অভিযুক্ত প্রতিবেশী।
 
সন্ধ্যায় বাড়ি ফিরে মা’কে মারধরের বিষয়টি জানতে পেরে প্রতিবেশীদের কাছ যায় আশিক। মায়ের অপবাদকে ভুল স্বীকার করে ক্ষমাও চায় সে। এতেও ক্ষান্ত না হয়ে আশিককে পিটিয়ে গুরুতর জখম করেন আরোফ মৃধা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর এবং পরবর্তীতে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেও অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে রাত ১টার দিকে মারা যায় ওই কিশোর।
 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি জানান, গরু ক্ষেত খাওয়া নিয়ে ঝামেলায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ছয়জনের নামে অভিযোগ পাওয়া গেছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

Leave Your Comments