অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন (১৬) নামে এক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১৮ জুন) রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের কামালগেট এলাকা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাকে ফেরত দেয় বিএসএফ।
দেশে ফেরা আল আমিন হবিগঞ্জ জেলা সদরের কালিগছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
বিজিবি সূত্র জানান, গত ১৫ জুন ওই কিশোর সিলেটের জাফলং সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর মঙ্গলবার বিকেলের দিকে হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে বিষয়টি বিজিবিকে অবগত করে বিএসএফ।
এরপর তার পরিচয় নিশ্চিত হওয়ার পর রাতে দুই বাহিনীর কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে ওই কিশোরকে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।
পরবর্তীতে ওই কিশোরের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের পর তাকে থানায় সোপর্দ করা হয়।