মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকায় একটি শপিংমলের সামনে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে ভয়াবহ এই হত্যার ঘটনা ঘটে।
মাত্র চার দিনের মাথায় কুয়ালালামপুরে দ্বিতীয় গুলির ঘটনা এটা। এর আগে গত শুক্রবার (১৩ জুন) রাজধানীর জালাং তুন সাম্বান্থানের একটি রেস্তোরাঁয় গুলির ঘটনা ঘটে। তাতে একজন নিহত এবং আরও দুজন আহত হন।
পুলিশের প্রাথমিক তথ্য মতে, মঙ্গলবার রাত ১২টার পরে কুয়ালালামপুরের চেরাস এলাকায় একটি শপিংমলের সামনে পার্কিংয়ে রাখা নিজেদের গাড়ির দিকে যাচ্ছিলেন দুই ব্যক্তি।
এ সময় হেলমেট পরা একদল লোক আকস্মিক ওই দুই ব্যক্তির দিকে দৌড়ে এসে একেবারে কাছ থেকে কয়েক রাউন্ড গুলি চালায় এবং একটি গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির। তাদের মাথা ও শরীরে গুলির আঘাত লাগে। মরদেহ দুটো তাদের গাড়ি থেকে প্রায় ৫ মিটার দূরে পড়ে ছিল। নিহত দুই ব্যক্তির পরিচয় জানানো হয়নি। তাদের বয়স ৪০-এর কোঠায় এবং তারা সারাওয়াকের সিবু এলাকার বাসিন্দা বলে মনে করা হচ্ছে।
কুয়ালালামপুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। দুর্বৃত্তদের খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলাটি মালয়েশিয়া দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার (১৩ জুন) রাত ১০টা ৫০ মিনিটে জালাং তুন সাম্বান্থান, ব্রিকফিল্ডসের একটি রেস্তোরাঁয় গুলির ঘটনা ঘটে। তিন ব্যক্তি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাদের কাছে এসে কাছ থেকে গুলি চালায়।