নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাইকারি রেডিমেড পোশাক মার্কেট হাকিম প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৮ জুন) বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণ করে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ছয় তলাবিশিষ্ট হাকিম প্লাজার তৃতীয় তলায় ইফাত ফ্যাশন নামে একটি হোসিয়ারি প্রতিষ্ঠানের শোরুমে এই অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে এলাকার মানুষ রাস্তায় বেরিয়ে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে আগুনে রুমে মজুদ রাখা শিশুদের তৈরি পোশাক, বড়দের সালোয়ার কামিজ, থান কাপড়, সুতা, এসি, ফ্রিজ ও কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী পুড়ে যায়। তবে ওই সময় মার্কেট বন্ধ থাকায় আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন সময় সংবাদকে বলেন, সকাল সোয়া ১০টায় আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বেলা ১১টায় আমরা আগুন নেভাতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।