মোবাইল ফোন চুরি সন্দেহে মামাতো ভাইয়ের হাতে প্রাণ গেল রাসেলের

Date: 2025-06-15
news-banner

পাবনায় মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে মামাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে রাসেল (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন।


শনিবার (১৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল একই এলাকার নজিরুদ্দিনের ছেলে।

 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জাফরাবাদ এলাকার মকবুলদের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। সেই চুরির জন্য রাসেলকে দোষারোপ করে মামাতো ভাই তানজিল। এ নিয়ে তানজিল মোবাইল ফেরত দিতে বললে রাসেল তাকে মারধর করে।
 

 
এর জেরে রাতেই তানজিলের স্বজন ও মকবুলের সহযোগীরা রাসেলদের বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে রাসেলকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
তবে পরিবারের ভিন্ন দাবি রয়েছে। নিহত রাসেলের বোন অঞ্জনা খাতুন বলেন, ‘আমার ভাইকে মোবাইল চুরির জন্য নয়, এলাকার একটি পরিত্যক্ত সেমাই কারখানার কলা কাটা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
 
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।’

Leave Your Comments