পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৫ জুন) সকাল থেকে বিভিন্ন ধরনের আমদানি-রফতানি পণ্য নিয়ে ট্রাক চালকেরা বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করছে। রেলপথেও পণ্য পরিবহন শুরু হয়েছে।
বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবির তরফদার জানান, সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ১২৮ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ভারতীয় ট্রাক এসেছে বেনাপোল বন্দরে। বাংলাদেশি ৩৯ ট্রাকে পণ্য রফতানি হয়েছে ভারতে।
এদিকে বন্দর সচল হওয়ায় কর্মব্যস্ততা ফিরেছে বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে। শ্রমিকদেরও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে পণ্য খালাসে।
স্বাভাবিক সময়ে গড়ে দিনে ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ২৫০ ট্রাক পণ্য রফতানি হয় ভারতে। আমদানি বাণিজ্য থেকে দিনে সরকারের রাজস্ব আসে প্রায় ৫০ কোটির মত। তবে টানা দশ দিন বাণিজ্য বন্ধ থাকায় রাজস্ব ও বাণিজ্য ঘাটতির মুখে পড়েছিল বন্দরটি।।
উল্লেখ্য, ঈদের ছুটির কারণে গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ ছিল দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য।