রাজধানীর আরামবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরির আঘাতে মুজাহিদুল ইসলাম (২৫) নামে এক দোকান কর্মচারী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
আহতের বন্ধু মোবারক হোসেন জানান, তারা দুজনই পুরান ঢাকার চকবাজার এলাকায় আলাদা দুটি দোকানে কাজ করেন। মুজাহিদুল কাজ করেন একটি ব্যাগের দোকানে। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। ঈদের ছুটি শেষে রাতে তারা ঢাকায় ফেরেন। ভোরে মতিঝিল আরামবাগে বাস থেকে নেমে একটি রিকশায় উঠেন চকবাজার যাওয়ার জন্য। কিছুদিন আগাতেই একটি গলিতে দুই ছিনতাইকারী রিকশার গতিরোধ করে।
তিনি আরও জানান, তার পকেট হাতিয়ে ৮০০ টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তবে মুজাহিদুলের কাছ থেকে কিছু নিতে পারেনি। তবে ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় মুজাহিদুলের বুকে ছুরি দিয়ে একটি আঘাত করে। রক্তাক্ত আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে ওই যুবককে। ঘটনাটি মতিঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।