ভারত মহাসাগরে ব্রিটিশ যুদ্ধজাহাজের গতিরোধ ইরানের

Date: 2025-06-15
news-banner

ভারত মহাসাগরে একটি বিট্রিশ যুদ্ধজাহাজের গতিরোধ করে এর দিক পরিবর্তন করতে বাধ্য করেছে ইরানের নৌবাহিনী। ইসরাইলের সঙ্গে সংঘাতের মধ্যে শনিবার (১৪ জুন) ইরানের সংবাদমাধ্যম আইআরএনএ এক প্রতিবেদনে এ খবর জানায়।


প্রতিবেদন মতে, ব্রিটিশ যুদ্ধজাহাজটি ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলোকে ইরানের ভূখণ্ডে নির্ভুলভাবে প্রবেশে সহায়তা করার উদ্দেশ্যে ভারত মহাসাগরে প্রবেশ করে। পারস্য উপসাগরের দিকে যাওয়ার আগে শুক্রবার (১৩ জুন) রাতে ইরানের নৌবাহিনীর গোয়েন্দা ব্যবস্থা জাহাজটিকে শনাক্ত করে।

 
এরপর ড্রোন দিয়ে জাহাজটিকে সতর্ক করা হয় এবং গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়। এদিকে ইসরাইলকে সহায়তার ব্যাপারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করেছে ইরান। 
 
দেশটির সরকার এক বিবৃতিতে বলেছে, ইসরাইলকে লক্ষ্য করে চালানো ইরানি হামলা প্রতিহত করতে সাহায্য করলে মধ্যপ্রাচ্যে থাকা তাদের ঘাঁটি ও জাহাজ লক্ষ্যবস্তু করা হবে।
 
গত শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরাইল ইরানি ভূখণ্ডে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালায়। ফলে দেশটির সামরিক বাহিনীর বেশ কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী নিহত হন।
 

 
ইরানে ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং এতে এখন পর্যন্ত কমপক্ষে ৮০ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জনই শিশু। ইরানও প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে।
 
আল জাজিরার প্রতিবেদন মতে, শনিবার (১৪ জুন) ইরানজুড়ে দ্বিতীয় দিনের মতো বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরাইল। এ হামলায় তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন লাগে। জবাবে রাতে ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
 
ইসরাইলি গণমাধ্যমের রিপোর্ট মতে, তেল আবিব ও এর আশপাশের এলাকাকে লক্ষ্য করে কয়েকশ ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর মধ্যে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যার বেশিরভাগই ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।
 
ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেল আবিব লক্ষ্য করে সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন ইসরাইলি সেটেলার (অবৈধ বসতি স্থাপনকারী) নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।
 

 
এর মধ্যে ৭৪ জন আহত হয়েছেন বাত ইয়াম এলাকায়, যার মধ্যে তিনজন গুরুতর, পাঁচজন মাঝারি এবং ৬৬ জন হালকা। রেহোবত এলাকায় ২৮ জন আহত হয়েছেন, যার মধ্যে দুইজন গুরুতর, সাতজন মাঝারি এবং ১৯ জন হালকা।
 
ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের গুরুত্বপূর্ণ অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান ওয়েইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার দৃশ্য ওই ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরে পড়েছে।
 
ইসরাইলি মিডিয়া আরও জানিয়েছে, ইনস্টিটিউটের এমন একটি ভবনে আগুন লেগেছে যেখানে বেশ কয়েকটি গবেষণাগার রয়েছে। আগুনের ফলে ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছে।
 
ইসরাইলি গণমাধ্যম আরও জানায়, ইরানের হামলার পর বাত ইয়াম এলাকাটি আর চেনা যাচ্ছে না। এই এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ৩৫ জন আটকে আছে। যাদের বেশিরভাগই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave Your Comments