সেতু দেবে যাওয়ায় আখাউড়া-কসবা সড়কের যান চলাচল বন্ধ

Date: 2025-06-05
news-banner

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের একটি সেতু মাঝ বরাবর দেবে গেছে। এতে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ফলে আখাউড়া ও কসবা উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।


বুধবার (৪ জুন) রাতে মোগড়া ইউনিয়নের কাকিনা খালের ওপর নির্মিত এ সেতুটি দেবে যায়

 
বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, সেতুর মাঝখান দেবে গেছে এবং দুই পাশের রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সেতুর দুই পাশে সংযোগ সড়কেও ফাটল দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকায় জনস্বার্থে সেতুর দুই পাশে বাঁশ বেঁধে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
 
স্থানীয় বাসিন্দা কাউছার চৌধুরী বলেন, ‘রাতে সম্ভবত ভারী কোনো যানবাহন চলাচলের কারণে সেতুর মাঝ বরাবর পিলার দেবে গেছে। এই পথে দুই উপজেলার বহু মানুষের যাতায়াত। সেতুটি দেবে যাওয়ায় সবাই বিপাকে পড়েছেন।’
 
সেতুর পাশেই বাঁশ ব্যবসায়ী হানিফ মিয়া বলেন, ‘সকালে ফজরের নামাজের পর এসে দেখি সেতুর মাঝখান দেবে গেছে। পরে বেলা ১১টার দিকে প্রশাসনের লোকজন এসে যান চলাচল বন্ধ করে দেয়।’
 

 
সিএনজিচালিত অটোরিকশাচালক আক্তার মিয়া বলেন, ‘সেতুর মাঝখান দেবে যাওয়ায় সকাল থেকে এই সড়ক দিয়ে চলাচল করা যাচ্ছে না। এখন ৫ থেকে ৮ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।’
 
উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন বলেন, ‘কাকিনা সেতুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঈদের ছুটি শেষে নতুন সেতুর জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হবে। আপাতত কী করা যায়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’
 
ঘটনাস্থল পরিদর্শন শেষে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি.এম রাশেদুল ইসলাম বলেন, ‘মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের সংযোগ স্থাপনে নির্মিত কাকিনা খালের সেতুটি দেবে যাওয়ায় জনস্বার্থে যান চলাচল বন্ধ করা হয়েছে। মনিয়ন্দ এলাকায় যাতায়াতের জন্য গোয়াল ও গাঙ্গাইল গ্রামের রাস্তা এবং কসবাগামী যাত্রীদের ধরখার হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক ব্যবহার করতে বলা হয়েছে। ঈদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Leave Your Comments