নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে সদর উপজেলা ও বড়াইগ্রাম উপজেলায় এসব দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী চিনিবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক বগুড়ার আদমদিঘী এলাকার বাসিন্দা জুয়েল মন্ডল ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় গুরুতর আহত হন চালকের সহকারী। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে একই সময়ে নাটোর সদর উপজেলার বারুরহাট এলাকায় মোংলা থেকে নীলফামারীগামী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এতে আক্তারুজ্জামান নামে নীলফামারির এক যাত্রী নিহত হন।
এ ঘটনায় আহত হন আরও ১৪ জন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, দুই দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।