তালাবদ্ধ ঘরে কাঁথা-কম্বলে প্যাঁচানো গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

Date: 2025-06-04
news-banner

গাজীপুরে তালাবদ্ধ ঘরে কাঁথা-কম্বলে প্যাঁচানো অবস্থায় রত্না বেগম (২২) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ১টার দিকে মহানগরীর মোগর খাল এলাকা থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে৷


নিহত রত্না বেগম (২২) সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ভোগরা বেলতলা এলাকার মোতালেব হোসেনের মেয়ে। তিনি স্বামী সামিমের সঙ্গে মোগরখাল এলাকায় লাভলী বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রত্না স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন৷ স্বামীর সঙ্গে মাঝে-মধ্যে তার ঝগড়া-বিবাদ হতো। মঙ্গলবার রাতে আশপাশের লোকজন রত্নার কক্ষ থেকে গন্ধ পেয়ে থানায় খবর দেন।


 
পরে পুলিশ এসে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়৷ এরপর তালা ভেঙে ঘরে ঢুকে খাটের ওপর কম্বল কাঁথা দিয়ে পেঁচানো অবস্থায় রত্নার হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ‘ওই গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, তার স্বামী তাকে হত্যা করে পালিয়েছেন। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে৷’

Leave Your Comments