নড়াইলের কালিয়া উপজেলায় বাড়ির পাশের ডোবায় পড়ে রাহাদ শেখ ও রিহান শেখ নামের পৌনে দুই বছর বয়সি দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে আটলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাদ শেখ সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে এবং রিহান শেখ একই গ্রামের রিয়াজ শেখের ছেলে। তারা বয়সে মাত্র এক দিনের ছোট-বড়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খাবার শেষে বাড়ির উঠানে খেলছিলো রাহাদ ও রিহান। তাদের মা ও চাচি গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় শিশু দুজনকে ভাসতে দেখা যায়।
দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘একই পরিবারের দুই শিশুর মৃত্যু একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রাথমিক তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’