১০ জুন বাংলাদেশের বড় পরীক্ষা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাই হতে পারে দেশের ফুটবলের টার্নিং পয়েন্ট। প্রথমবারের মতো দেশের মাটিতে প্রতিযোগিতামূলক ম্যাচে একসঙ্গে খেলতে নামবেন হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহামিদুল ইসলাম। তাতে বাংলাদেশের মাঝমাঠকে অনেকেই দিচ্ছেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। তারকা ফুটবলারদের কারণে সিঙ্গাপুরকে হারানোর স্বপ্নও দেখছে লাল সবুজ জার্সিধারীরা। তবে এই ম্যাচে টিম ম্যানেজমেন্ট চাইলে দলের শক্তি বাড়াতে পারে আরও।
বুধবার (৪ জুন) জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। গতকালই এই তথ্য জানিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। এদিকে আজ ভোরেই দেশে এসে পৌঁছেছেন সমিত সোম। ফাহামিদুল ইসলামও আছেন জাতীয় দলের ক্যাম্পে। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে আজ আরও একটা সুখবর পাওয়া গেল। বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্র পেয়ে গেছেন কিউবা মিচেল। অর্থাৎ বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই ইংলিশ প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া সান্ডারল্যান্ডের যুবদলের এই খেলোয়াড়ের।
এর আগে গত ৩ জুন এএফসির রেজিস্ট্রেশনও সম্পন্ন হয়ে গেছে পৈতৃক সূত্রে জ্যামাইকান ও মাতৃসূত্রে বাংলাদেশি এই তরুণ ফুটবলার। তাই চাইলেই সিঙ্গাপুরের বিপক্ষেই তাকে খেলাতে পারবে বাংলাদেশ।
এদিকে, কিউবাকে বাংলাদেশের হয়ে খেলার জন্য পাঠানো অফিসিয়াল লেটারেও তাকে সিঙ্গাপুর ম্যাচে খেলানোর কথা উল্লেখ করেই প্রস্তাব পাঠানোর প্রমাণ পাওয়া গেছে। সেই লেটারে লেখা আছে, 'আশা করি সব আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে মিস্টার মিচেলকে ১০ জুন ২০২৫ এর এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দলে অন্তর্ভূক্ত করা সম্ভব হবে।'
তবে, কোনো অজ্ঞাত কারণে বাফুফে সেই অবস্থান টেকে সরে এসেছে বলেই দেশের ফুটবল সমর্থকদের। খুব নাটকীয় কোনো কিছু না ঘটলে সিঙ্গাপুরের বিপক্ষে কিউবার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।