দেশের সরকারি বিশ্ববিদয়ালয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যোগ্য উপাচার্যদের খুঁজে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
বুধবার (৪ জুন) সচিবালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা এবং মন্ত্রণালয়ের অন্যান্য বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, ‘নানা অসঙ্গতির কারণে আমরা উপাচার্য নিয়োগের জন্য একটি বোর্ড তৈরি করেছি। আমরা উপাচার্য নির্বাচনের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেব। এতে আগ্রহীরা আবেদন করবেন। এরপর যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্যদের উপাচার্য নিয়োগ দেয়া হবে।’
বাংলাদেশ এখন একটি শিক্ষা ব্যবস্থার সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই প্রযুক্তি এমনভাবে ব্যবহার হোক যেন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও সুবিধাভোগী হয়। সেইসঙ্গে এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষকরা পেশাগত মর্যাদা পাবেন। চাই এমন এক বেতন ব্যবস্থা সৃষ্টি করা যেন তারা একটা সম্মানজনক বেতন পান।’
আগামী জুলাই থেকে কলেজ পর্যায়ে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা আবরার বলেন, ‘আমরা চাই একটা স্বচ্ছ বদলি প্রক্রিয়া। এসব কাজ সম্পন্ন করতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ সবাইকে এগিয়ে আসতে হবে।’