রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কখনোই তারকার অভাব হয়নি। বিরাট কোহলি তো আছেনই, এই দলে খেলেছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সের মতো তারকাও। তারপরও শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ হয়নি আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির। এই নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে বেঙ্গালুরু। এবার তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংসও কখনোই শিরোপা জিততে পারেনি। এবার দুই হতভাগা দলের যেকোনো একটির কপাল খুলতে যাচ্ছে।
তাহলে কি এবারও বিরাট কোহলিদের কপাল পুড়তে যাচ্ছে? আজ (মঙ্গলবার) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল মাঠে গড়ানোর আগে বেঙ্গালুরু সমর্থকদের মনে 'কু' ডাক হয়তো শুরু হয়ে গেছে!
হওয়ারই কথা; ফাইনালের আগে যে 'পানৌতি' চেপেছে বেঙ্গালুরুর কাঁধে! কানাডার বিখ্যাত র্যাপ সিঙ্গার ড্রেকের পরিচিতি অপয়া হিসেবেই। আর ফাইনালের ধুন্ধুমার লড়াই মাঠে গড়ানোর আগে ড্রেক ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন, ফাইনালে বেঙ্গালুরুর প্রথম শিরোপা জয়ের পক্ষে তিনি সাড়ে ৭ লাখ ডলারের (৯ কোটি ১৪ লাখ টাকা) বাজি ধরেছেন।
ক্রিপ্টো–বেটিং প্লাটফর্মে ধরা এই বাজিতে বেঙ্গালুরুর জয়ের পক্ষে অড ধরা হয়েছে ১.৭৫, অর্থাৎ আজ রাতে রজত পাতিদারের দল জয় পেলে এই র্যাপার ১.৩ মিলিয়ন ডলার (প্রায় ১৫ কোটি ৮৫ লাখ টাকা) পকেটে পুরবেন।
বাজি ধরার খবর ড্রেক জানিয়েছেন বেঙ্গালুরুর আইকনিক স্লোগান 'এ সালা কাপ নামরে' (এ বছর কাপ আমাদের হবেই) ব্যবহার করে।
বিভিন্ন সময় ফুটবলে বাজি ধরে হারার কারণে খ্যাতি (?) আছে ড্রেকের। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পক্ষে বাজি ধরে ১০ কোটি টাকা হেরেছিলেন তিনি। আর্জেন্টিনা শিরোপা জিতলেও এই র্যাপার বাজি হেরেছিলেন শর্তের কারণে। বাজিতে শর্ত ছিল–আর্জেন্টিনা নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই ফ্রান্সকে হারাবে।
২০২৪ এর কোপা আমেরিকার সময়েও বাজি হেরেছিলেন ড্রেক। কানাডার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে আলবিসেলেস্তেদের পাঁড়ভক্ত ড্রেক বাজি ধরেছিলেন নিজের দেশ কানাডার জয়ের পক্ষে। সেই ম্যাচে কানাডা হেরে যাওয়ায় ৩ কোটি ৫২ লাখ টাকা হারাতে হয়েছে তাকে।
ড্রেকের বাজি ধরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ট্রল হচ্ছে। একজন লিখেছেন, 'ড্রেক বাজি ধরেছে মানেই তো বিপদ! এবার কাপ পাঞ্জাবের।'
আরেকজন ব্যঙ্গ করে বলেন, 'ধন্যবাদ ড্রেক ভাই, RCB-এর স্বপ্ন শেষ করে দিলেন।'
কেউ আবার মজার ছলে লিখেছেন, 'ড্রেক যেখানেই বাজি ধরে, সেখানেই হারে—পাঞ্জাব কিংস এখনই ট্রফি নিয়ে সেলিব্রেশন শুরু করতে পারে!'
কেউ কেউ অবশ্য আশাবাদীও হয়েছেন। ক্রিকেটে ড্রেক প্রথম বাজি ধরেছিলেন গত বছর আইপিএলেই। কলকাতা বনাম হায়দরাবাদের ফাইনালে এই র্যাপার বাজি ধরেছিলেন কলকাতার পক্ষে। শেষ পর্যন্ত কলকাতাই চ্যাম্পিয়ন হয়।
বেঙ্গালুরুর এক আশাবাদী সমর্থক লিখেছেন, 'বেঙ্গালুরু এত শক্তিশালী, তারা এবার ড্রেকের অভিশাপও জয় করতে পারবে।' আরেকজন লিখেছেন, '২০২৪-এ ড্রেক বাজি ধরেছিল কলকাতা-এর পক্ষে, ওরাই তো জিতেছিল! এবারও হয়তো একই হবে।