দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

Date: 2025-06-03
news-banner

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ চলছে। ভোটের মাধ্যমে লাইনে দাড়িয়ে নিজের মত প্রকাশ করছেন দেশটির কয়েক কোটি ভোটার।


নির্বাচনে ৭ জন প্রার্থী থাকলেও মূলত প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়ার (ডিপিকে) প্রার্থী ই জে-মিয়ং এবং পিপল পাওয়ার পার্টির (পিপিপি) প্রার্থী কিম মুন-সুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে। 

 
মঙ্গলবার (৩ জুন) সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীলকে নির্বাচিত করতে ভোট দিচ্ছেন কোরীয়রা। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় চোখে পড়ার মতো।
 
দক্ষিণ কোরিয়ায় এবার ভোটারের সংখ্যা প্রায় ৪ কোটি ৪৩ লাখ। দেশব্যাপী ১৪ হাজার ২৯৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ ও ৩০ মে) আগাম ভোট দেন প্রায় ১ কোটি ৫৪ লক্ষ ভোটার।
 

 
মঙ্গলবার ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে দুপুর ১টা পর্যন্ত ২ কোটি ৭৫ লাখ অর্থাৎ ৬০ শতাংশ ভোট পড়েছে। এবার ভোটার উপস্থিতি গতবারের চেয়ে অনেক বেশি।
 
ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৭০ হাজার নির্বাচনকর্মী সারাদেশের ২৫৪টি সেন্টারে ব্যালট গণনা শুরু করবেন। ৭০ শতাংশেরও বেশি ব্যালট গণনা শেষ হয়ে গেলে কে বিজয়ী হচ্ছেন তার স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
 
তবে ভোটার উপস্থিতি, ভোটকেন্দ্রে ভোট গণনার গতি ও প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা কতটা কাছাকাছি তার ওপর নির্ভর করে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবার নির্বাচনের চুড়ান্ত ফলাফল মধ্যরাত থেকে বুধবার (৪ জুন) ভোরের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
 

 
জাতীয় নির্বাচন কমিশন থেকে নির্বাচনী ফলাফল নিশ্চিত হওয়ার পরপরই বুধবার সকালে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লি জু-হোর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন নতুন প্রেসিডেন্ট।

Leave Your Comments