সদ্যবিদায়ী মে মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪৭৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ।
মঙ্গলবার (৩ জুন) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত মে মাসে বেড়েছে দেশের রফতানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ। ২০২৪ সালের মে মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪২৫ কোটি ৯ লাখ ডলার।
তৈরি পোশাক খাত
মে মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯১ কোটি ৯০ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩৫০ কোটি ৩৮ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ২১৬ কোটি ১৯ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১৩ দশমিক ০৩ শতাংশ বেড়েছে। এছাড়া ১৭৫ কোটি ৭১ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০ দশমিক ৪৪ শতাংশ।
ইপিবির তথ্যানুযায়ী, মে মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্যের রফতানি কমেছে। তবে বেড়েছে হোম টেক্সটাইল এবং চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি। হোম টেক্সটাইলের রফতানি আয় ৯ দশমিক ৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৪০ লাখ ডলারে।
এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ৩৫ দশমিক ১০ শতাংশ। মে মাসে রফতানি হয়েছে ১২ কোটি ৫২ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। আর কৃষি পণ্যের রফতানি আয় ৮ দশমিক ১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৮৬ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৭ কোটি ৪৭ লাখ ডলার।
এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মে মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৪ হাজার ৪৯৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি।