নগর ভবনে বহিরাগতদের ঠাঁই হবে না: ইশরাক

Date: 2025-06-03
news-banner

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, অনতিবিলম্বে শপথ আয়োজন না হলে ঢাকাবাসীকে সাথে নিয়ে সেই আয়োজন করা হবে। মেয়রের চেয়ারে কে বসবেন সেটা নির্ধারণ করবেন দক্ষিণের বাসিন্দারা। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না।


মঙ্গলবার (০৩ জুন) নগরভবনে গিয়ে আন্দোলনরতদের নিয়ে ইশরাক হোসেন এসব কথা বলেন।

 
তিনি বলেন, আসন্ন ইদুল আজহাকে সামনে রেখে আজ থেকে আন্দোলন স্থগিত। তবে দাবি আদায় না হলে আবারও আন্দোলন হবে।
 
তিনি আরও বলেন,  অনতিবিলম্বে শপথ আয়োজন না হলে ঢাকাবাসীকে সাথে নিয়ে সেই আয়োজন করা হবে। মেয়রের চেয়ারে কে বসবেন সেটা নির্ধারণ করবেন দক্ষিণের বাসিন্দারা। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না।
 

 
সরেজমিনে গিয়ে দেখা যায়, নগর ভবনের ভেতরের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা। নগর ভবনের সব ফটকে এখনো তালা ঝুলছে।

ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে ১৪ মে থেকে এ আন্দোলন শুরু হয়। ‘ঢাকাবাসী’ ব্যানারে সংগঠিত হয়ে আন্দোলনে নামেন সিটি করপোরেশনের কর্মচারী, ইশরাকের সমর্থকসহ বিএনপির নেতা-কর্মীরা। মাঝে ৪৮ ঘণ্টার বিরতির পর আবার কর্মসূচি চলছে। টানা ২১ দিন ধরে আন্দোলনে নগর ভবনের সব ধরনের সেবা বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন তারা।

এদিকে ইশরাক–সমর্থকদের অবস্থান কর্মসূচির কারণে করপোরেশনের কর্মকর্তারাও অঘোষিত ছুটিতে আছেন। ফটকগুলো তালাবদ্ধ থাকায় কর্মকর্তারা অফিসে আসছেন না। দাপ্তরিক কাজ প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। শুধু পরিচ্ছন্নতা বিভাগের কাজ চলছে।

Leave Your Comments