আ.লীগ নেতার বাড়ির সামনে হুমকির চিরকুটসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার

Date: 2025-06-02
news-banner

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের বাড়ির প্রবেশপথে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ সময় সেখান থেকে হুমকি দিয়ে লেখা চিরকুটও উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (২ জুন) ভোরে বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন আব্দুর রশিদ। আব্দুর রশিদ গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের নয়ন আলীর ছেলে।


আব্দুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় তার বাড়ির সামনে এ ধরনের ভয়ঙ্কর বস্তু রেখে আতঙ্ক ছড়ানো হয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।



গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে বামন্দী ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু ও একটি হুমকির চিরকুট উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Leave Your Comments