বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক নিয়ে হাইকোর্টের দেয়া রায়কে অবাস্তব বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সোমবার (২ জুন) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
হামিদুর রহমান বলেন, আদালতের রায়ের প্রতিফলনে কমিশনের সঙ্গে দেখা করেছি। নির্বাচন কমিশন দ্রুত তাদের সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন। কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে। প্রতীক নিয়ে হাইকোর্টের রায় অবাস্তব।
এর আগে সকালে নির্বাচন কমিশনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে আযাদের নেতৃত্বে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে অংশ নিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
প্রসঙ্গত, রোববার রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।
রায়ে বলা হয়, দলটির ক্ষেত্রে পেন্ডিং (অনিষ্পন্ন) রেজিস্ট্রেশন ইস্যু এবং অন্য কোনো ইস্যু যদি থেকে থাকে, তা সাংবিধানিক ম্যান্ডেট (বিচারগত ও আইনগত) পুরোপুরি প্রয়োগ করে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয়া হলো।