শরবতে বিষ দিয়ে প্রেমিককে হত্যা, মা-মেয়ে গ্রেফতার

Date: 2025-06-02
news-banner

মুন্সীগঞ্জের শ্রীনগরে শরবত ও মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে ইব্রাহিম রাফি (২০) নামে এক যুবককে হত্যার অভিযোগে প্রেমিকা ও তার মাকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (৩১ মে) রাত ৩টার দিকে মা ও মেয়েকে গ্রেফতার করে রোববার (১ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


নিহত রাফি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সেলমিতি বানিয়াবাড়ি এলাকার শাজাহান মোড়লের ছেলে। শ্রীনগর বাজারের একটি কাপড়ের দোকানে বিক্রয় কর্মীর কাজ করতেন রাফি।

জানা গেছে, গত মঙ্গলবার রাফিকে বিষ খাওয়ানো হয়। শুক্রবার ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে শনিবার রাতে শ্রীনগর থানায় নিহতের বাবা শাজাহান মোড়ল বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে অভিযানে নামে পুলিশ। নিজ বাড়ি থেকে ময়না বেগম (৪৫) ও তার মেয়েকে (১৬) গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



পুলিশ জানায়, শ্রীনগরের পশ্চিম দেউলভোগ এলাকার ময়না বেগমের মেয়ের সঙ্গে দুবছর ধরে রাফির প্রেম চলছিল। ৩-৪ মাস আগে ময়না বেগমের মেয়ে প্রেমিক রাফির কাছ থেকে নগদ ১০ হাজার টাকা এবং ব্র্যাক এনজিও থেকে তাকে দিয়ে আরও ৪০ হাজার টাকা ঋণ উঠান। এই ঋণে টাকা ময়না বেগমরা পরিশোধ করার কথা থাকলেও কিস্তির টাকা পরিশোধ করছিলেন না। এ নিয়ে ময়না বেগমের মেয়ের সঙ্গে রাফির ফোনে ঝগড়া হয়। মঙ্গলবার বিকেলে ময়না বেগম রাফিকে ফোন করে টাকা পরিশোধ ও মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করে দেয়ার আশ্বাস দেন। এবং রাফিকে পশ্চিম দেউলভোগের বাড়িতে ডাকেন। সেখানেই বিষ মিশিয়ে খাওয়ানো হয়। সেখান ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়ে রাফি। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, হত্যা মামলার পরেই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়।

Leave Your Comments