লক্ষ্মীপুরে ‘ফাইটার বাবলুকে’ কুপিয়ে হত্যা

Date: 2025-06-02
news-banner

লক্ষ্মীপুরে একাধিক মামলার আসামি আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদক ব্যবসাকেই কেন্দ্র করে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।


রোববার (১ জুন) গভীর রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের ভূঁইয়া পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

 
খবর পেয়ে সোমবার (২ জুন) সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে তার মরদেহ উদ্ধার করেন। নিহত বাবলু উত্তর জয়পুর এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে।
 

 
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফাইটার বাবলু স্থানীয় এলাকার শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের সহযোগী ছিলেন। তিনি মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত একাধিক মামলার আসামি। গত ১১ এপ্রিল রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ি এলাকায় রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলি করার ঘটনার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। সম্প্রতি তিনি জামিনে আসেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে থাকতে পারে। তার বাম হাতের কব্জি কুপিয়ে ছিন্নভিন্ন করে দেয়া হয়। এছাড়া বুক ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কোপের আঘাতের চিহ্ন রয়েছে।
 
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলু পুলিশের তালিকা ভুক্ত একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী। কিছুদিন আগে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরে বাবলু জামিনে বের হয়ে আসে। শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের সহযোগী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে।
 

 
এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Leave Your Comments