মে মাসজুড়ে যে ৮ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি

Date: 2025-06-02
news-banner

সদ্যবিদায়ী মে মাসে দেশে ২৯৬ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসলেও দেশের ৮টি ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স।


বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 
এতে বলা হয়, মে মাসে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৮টি। এর মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক ও ৩টি বিদেশি ব্যাংক।
 
মে মাসে বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।
 

 
এ ছাড়া কোনো রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও।
 
এদিকে, মে মাসে দেশে এসেছে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৭ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।
 
গত মার্চে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। গত এপ্রিলে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার। যা এতদিন ছিল দেশের ইতিহাসে কোনো এক মাসে আসা দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

আর গত ফেব্রুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ডলার। গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।

Leave Your Comments