শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় বজ্রপাতে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন এবং তার সহকারী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ মে) বিকেল ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার তিন বন্ধু রোডে মোঃ মিজানের বাড়ির ছাদে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণশ্রমিকের নাম ইদু হোসেন (৬০), এবং আহত সহকর্মী মোঃ মুকুল হোসেন (৪৫)। তারা দুজনেই গাইবান্ধার পলাশবাড়ী এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে ইদু হোসেন পরিবারসহ আশুলিয়ায় ভাড়া থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল থেকে ওই ভবনের ছাদে কাজ করছিলেন তারা। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান ইদু হোসেন এবং গুরুতর আহত হন মুকুল হোসেন। পরে স্থানীয়রা আহত মুকুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং ইদু হোসেনকে নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত মুকুল হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সোহরাব আল হুসাইন জানান, বজ্রপাতে একজন নির্মাণশ্রমিক নিহত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত শ্রমিককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।