গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) সারাদেশেই অবিরাম ধারায় ঝরেছে বৃষ্টি। এরমধ্যে ঢাকায় ১৯৬ মিমি বৃষ্টি ঝরেছে। আর সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদিকোর্টে ২৮৫ মিমি।
শুক্রবার (৩০ মে) আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম সময় সংবাদকে এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১৯৬ মিমি, সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের নোয়াখালীর মাইজদিকোর্টে ২৮৫ মিমি। আর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে ২৪১ মিমি।
এদিকে আবহাওয়ার আরেক বার্তায় জানানো হয়, শুক্রবারও সারাদিন চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম আরও বলেন, সাগরে বায়ুতাড়িত বাতাস রয়েছে, যে কারণে প্রতিটি বন্দরে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া বার্তা বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে সমতল অতিক্রম করছে। এর প্রভাবে শনিবার পর্যন্ত পুরো দেশ জুড়ে থাকবে বৃষ্টিপাত। আর আজ বিকেলের মধ্যে লঘুচাপে পরিণত হলে বরিশাল এবং খুলনা অঞ্চলে কমে যাবে বৃষ্টি। ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাতাসের গতিবেগ।