জয়পুরহাটে ছাত্রদল নেতা হত্যা: দুই নারীসহ তিনজন গ্রেফতার

Date: 2025-05-29
news-banner

জয়পুরহাটে ছাত্রদল নেতা বিপ্লব আহম্মেদ পিয়াল হত্যা মামলায় দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে জয়পুরহাট সদর থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতাররা হলেন: জয়পুরহাট শহরের ইসলাম নগরের বাসিন্দা রুবেল হোসেনের স্ত্রী নাসরিন, সোহেল রানার স্ত্রী শ্রাবণী ও ভাদসার দক্ষিণ কোচকুড়ি গ্রামের ছামছদ্দীনের ছেলে রাসেল।


জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক জানান, বুধবার দুপুরে জয়পুরহাট শহরের ইসলাম নগর এলাকায় নিজ বাসায় ছিলেন শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পিয়াল। এ সময় তাকে বেশ কয়েকজন বাড়ির বাহিরে ডেকে এনে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহতের মা ইতি বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মামলায় অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছেন বলেও জানান ওসি নূর আলম সিদ্দিক।

Leave Your Comments