ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছেন, সেই দিন খুব বেশি দূরে নয় যখন পাক অধিকৃত কাশ্মীরের জনগণ স্বেচ্ছায় ভারতে ফিরে আসবে। বৃহস্পতিবার (২৯ মে) এই ঘোষণা দেন রাজনাথ।
রাজধানীতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) বিজনেস সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে, সিং জাতীয় ঐক্যের প্রতি ভারতের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন, ‘পাক অধিকৃত কাশ্মীরে বসবাসকারীরা ভারতীয় পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ।’
রাজনাথ বলেন, ‘আমি বিশ্বাস করি যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ আমাদের নিজস্ব, আমাদের পরিবারের অংশ। আমাদের পূর্ণ বিশ্বাস, আমাদের ভাইদের মধ্যে যারা আজ ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে আমাদের থেকে বিচ্ছিন্ন, তারাও একদিন ভারতের মূলধারায় ফিরে আসবে। তাদের আত্মার কণ্ঠস্বর শুনবে।’
রাজনাথ আরও বলেন, ‘ভারত সবসময় ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে। আমরা বিশ্বাস করি যে ভালোবাসা, ঐক্য এবং সত্যের পথে হেঁটে, সেই দিন খুব বেশি দূরে নয় যখন আমাদের নিজস্ব অংশ, পাক অধিকৃত কাশ্মীর, ফিরে এসে বলবে, ‘আমি ভারত, আমি ফিরে এসেছি।’
তিনি উল্লেখ করেন, পাক অধিকৃত কাশ্মীরের বেশিরভাগ জনসংখ্যার ভারতের সাথে ‘গভীর সংযোগ’ রয়েছে, বলেন, কেবল একটি ছোট অংশকেই বিভ্রান্ত করা হয়েছে।
এ সময় প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে জানান, ইসলামাবাদের সাথে ভবিষ্যতের সংলাপ কেবল দুটি বিষয়ের উপর হবে। সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর।
‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া আমরা নতুন করে পুনর্নির্ধারণ করেছি। আমরা পাকিস্তানের সাথে কেবল পাক অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়েই কথা বলব। অন্য কিছু নয়।’ বলেন প্রতিরক্ষামন্ত্রী।
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতি হয় প্রতিবেশি দেশদুটির।