যে কারণে ইয়ামালের চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করেনি বার্সা

Date: 2025-05-28
news-banner

বার্সেলোনার সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করেছেন লামিন ইয়ামাল। সাধারণত ক্লাব কোনো ফুটবলারের সঙ্গে চুক্তি করলে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। তবে ইয়ামালের বেলায় সেটা দেখা মিলল না। ইয়ামালের সঙ্গে চুক্তির কোনো ছবি না প্রকাশ করায় কৌতূহল হয়ে পরে তার ভক্তরা। অবশেষে এর কারণ খোলাসা করেছে স্পেনের এক সংবাদমাধ্যম।


স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত জানিয়েছে, ইয়ামালের অনুরোধের কারণেই চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করেনি বার্সা। তবে কেন ইয়ামাল বার্সাকে এমন অনুরোধ করতে গেলেন? এর কারণ হচ্ছে ইয়ামালের দাদি।


স্পোর্ত জানিয়েছে, ইয়ামাল চেয়েছিলেন এই বিশেষ মুহূর্তের ছবি তার পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটির সঙ্গে তুলতে। সেই বিশেষ মানুষটি হচ্ছেন তার দাদি ফাতিমা। কিন্তু চুক্তি স্বাক্ষরের দিনে দাদি ফাতিমা উপস্থিত থাকতে পারেননি। যার কারণেই ইয়ামাল ক্লাবকে অনুরোধ করে ছবি তোলার সময়টা পিছিয়ে নিতে।


আর ইয়ামালের এমন অনুরোধের কারণেই বার্সেলোনা চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালেও কোনো ছবি প্রকাশ করেনি।


এদিকে রেকর্ড মূল্যে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছেন লামিন ইয়ামাল। গণমাধ্যমের খবর, ৪০ মিলিয়ন ইউরোতে ইয়ামালকে চুক্তি করিয়েছে কাতালানরা। যার ফলে এখন বার্সেলোনার সর্বোচ্চ পারিশ্রমিক ফুটবলার হচ্ছেন তিনি। পূর্বের চুক্তি অনুযায়ী, ইয়ামাল বছরে পেতেন ১ দশমিক ৬৭ মিলিয়ন ইউরো। আগামী মৌসুম শুরু হবার আগে ১৮ বছর বয়সে পা দিতেন ইয়ামাল। যার কারণে এভাবেই বেতন বাড়তো তার।

Leave Your Comments