বরগুনায় ২ কিলোমিটারের কর্দমাক্ত করুণ কাঁচা পথ, সীমাহীন দুর্ভোগে জনপদ

Date: 2025-05-28
news-banner

ফিরোজ, বরগুনা :


বরগুনা জেলার অন্তর্গত হলদিয়া ইউনিয়নের জুলেখার সুলাইশ নামক অঞ্চল হইতে পূর্ব হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অতিক্রম করিয়া ফিরোজ গাজীর ঘরের সংলগ্ন পর্যন্ত বিস্তৃত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ কাঁচা পথটি দীর্ঘকাল যাবৎ মেরামতের স্পর্শ বঞ্চিত থাকিয়া এক চরম নাগরিক অবহেলার প্রতিচ্ছবি হয়ে দাঁড়াইয়াছে।

প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী, রোগবাহী রোগী এবং কৃষিপণ্য বোঝাই যানবাহন এই অপরিকল্পিত ও জনদুর্ভোগ সৃষ্টিকারী পথ ব্যবহারে বাধ্য হইতেছেন। বিশেষত বর্ষাকালে এই কর্দমাক্ত রূপ ধারণকারী রাস্তাটি হাঁটাচলার সম্পূর্ণ অনুপযোগী হইয়া পড়ে; যেন কাদার কফিনে বন্দি জনজীবনের আর্তনাদ।

স্থানীয় ভুক্তভোগী বাসিন্দা খলিল মোল্লা বলেন, “সন্তানদিগকে বিদ্যালয়ে প্রেরণ এবং সংকটাপন্ন রোগী নিকটবর্তী হাসপাতালে পৌছাইতে হিমশিম খাইতে হয়। জনসাধারণের চলাচল যেন প্রতিদিন এক কঠিন যুদ্ধ।”

অপরদিকে, হলদিয়া বাজার, ভূমি অফিস, উপজেলা সদরে গমন কিংবা ইউনিয়ন পরিষদে পৌঁছার একমাত্র বিকল্প পথ হইতেছে এই দুর্দশাগ্রস্ত কাঁচা রাস্তাটি। চাষাবাদের মৌসুমে কৃষকদের উৎপাদিত ফসল পরিবহনের ক্ষেত্রেও এই পথ হয়ে দাঁড়ায় দুর্ভোগের চূড়ান্ত প্রতীক।

জনগণ একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সদয় দৃষ্টি আকর্ষণ করিয়াও কোন কার্যকর প্রতিকার লাভ করে নাই। জনমানুষের কণ্ঠে এখন একটাই দাবি—এই রাস্তাটিকে অবিলম্বে পাকা করিয়া চলাচলের উপযোগী করা হউক।

Leave Your Comments