ইফতির সেঞ্চুরি, মইনের ৯ রানের আক্ষেপের দিনে বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

Date: 2025-05-27
news-banner

ঘাসের উইকেটে সকালের পিচের পুরো সুবিধাটাই নিয়েছে দক্ষিণ আফ্রিকান পেসাররা। অ্যান্ডিলে চার্লসের দাপটে স্কোরবোর্ডে ৫৮ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ ইমার্জিং দল। কঠিন বিপর্যয়ের মুখ থেকে দলকে এরপর টেনে তোলেন ওপেনার ইফতেখার হোসেন ইফতি এবং সাতে নামা মইন খান।


ষষ্ঠ উইকেট জুটিতে মইন-ইফতি মিলে যোগ করেন ১৭৯ রান। দুর্দান্ত ইনিংস খেলে সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মইন। তবে ইফতি তুলে নিয়েছেন প্রাপ্য সেঞ্চুরি। এই দুজনের প্রতিরোধে বাংলাদেশ দিন শেষ করেছে ৭ উইকেটে ২৪২ রান নিয়ে। 

 
ইমার্জিং দলের সিরিজের দ্বিতীয় টেস্টে আজ (২৭ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে সকালের পিচে দক্ষিণ আফ্রিকান পেসারদের সামলাতে বেশ ভালোই হিমশিম খেতে হয়েছে স্বাগতিকদের। 
 
নামের পাশে কোনো রান যোগ করার আগেই দলীয় ৭ রানে ফেরেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলি। দ্বিতীয় উইকেটে ৩৩ রানের ছোটখাটো একটি জুটি গড়ে টাইগার ইমার্জিং দল। তবে রান তখন এগোচ্ছিল বেশ ধীর গতিতে। 
 
 
১৭তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪০ রানে রিজওয়ান ফেরেন অ্যান্ডিলে চার্লসের শিকার হয়ে।  এই উইকেটের পর হুট করেই একটা ধস নামে বাংলাদেশের। মিডল অর্ডারের ৩ নির্ভরযোগ্য ব্যাটার শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম এবং প্রীতম কুমার ফেরন মাত্র ১৩ রানের ব্যবধানে। 
 
অধিনায়ক দিপু এবং আরিফুলকে ফেরান চার্লস। দুজনে মিলে করেছেন ১ রান। প্রীতমকে ফেরান ইনোসেন্ট টুলি। এই উইকেটরক্ষক ব্যাটারের ব্যাট থেকে আসে ২ রান। 
 
৫৮ রানে ৫ উইকেট হারানোর পর দিশেহারা বাংলাদেশকে পথ দেখান ইফতি এবং মইন। দুজনেই বেশ দায়িত্বশীল এবং টেস্টসুলভ ব্যাটিং করেছেন, প্রোটিয়া বোলারদের কোনো সুযোগই দেননি। দেড় সেশনেরও বেশি ব্যাটিং করে ৩৪০ বল খেলেছে এই জুটি, তাতে রান এসেছে ১৭৯। 
 
 
দুজনেই তুলে নেন ফিফটি। সেঞ্চুরির পথেও ছিলেন দুজনেই। তবে ইফতি সেঞ্চুরি তুলে নিলেও পারেননি মইন। ১৫৯ বলে ৯১ রান করে ডিয়ান ফরেস্টের বলে আউট হন৷ এই ব্যাটার। আক্ষেপটা আরও বাড়ার যথেষ্ট কারণ আছে। কারণ ফরেস্টের করা স্ট্যাম্পের অনেক বাইরের বলটা খেলতেও যাননি তিনি আবার ছাড়েনওনি। শুধু ব্যাট ঘোরাতে গিয়েই ক্যাচ দেন উইকেটরক্ষকের হাতে। 
 
দিনের শেষভাগে উইকেট দিয়ে আসেন ইফতি। ২৯১ বলে ১০৯ রান করে ফেরেন টুলির শিকার হয়ে। ২৪০ রানে ইফতির বিদায়ের পর ১.৪ ওভার খেলা হয়েছে, ২ রান যোগ করেছেন ব্যাটাররা। উইকেটে অপরাজিত আছেন রাকিবুল হাসান এবং রিপন মন্ডল। প্রথম দিনে প্রোটিয়াদের হয়ে ১২ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন অ্যান্ডিলে চার্লস৷ ২ উইকেট নিয়েছেন টুলি

Leave Your Comments