ঈদের আগে দুদিন ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

Date: 2025-05-27
news-banner

কোরবানির ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ঈদের পরের দুদিন ছুটি কমিয়ে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।



মঙ্গলবার (২৭ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটি।

 
যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ১০ দিনের টানা ছুটি দিয়েছে সরকার। এ কারণে এবারের ঈদে ঢাকা থেকে এক কোটি ১০ লাখ এবং ঢাকার আশেপাশের ৩০ লাখসহ অন্তত এক কোটি ৪০ লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় যাবে।
 
মোজাম্মেল হক বলেন, 

৭ জুন ঈদ হলে ঈদের আগে ৫ ও ৬ জুন দুদিনের সরকারি ছুটি মিলবে। আর ৬ জুন ঈদ হলে ছুটি মিলবে মাত্র একদিন। কিন্তু ঈদের ছুটি এক দিন হলে এক কোটি ৪০ লাখ মানুষকে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাঠানোর সক্ষমতা সড়ক, রেল ও নৌপথের নেই।

 

 
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, কোরবানির ঈদে সড়কের পাশে বসানো পশুরহাট ও পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট থাকে। ফলে যানবাহনের গতি কমে যায়। এতে বাড়ি ফেরার পথে যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়তে পারেন।
 
তিনি বলেন, 

নির্বাহী আদেশে দেয়া ১১ ও ১২ জুন ২ দিনের ছুটি বিন্যাস করে ঈদের আগে ৩ ও ৪ জুন মঙ্গল ও বুধবার এগিয়ে আনলে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত হবে। তাই যাত্রীদের দুর্ভোগ কমাতে বিষয়টি ভেবে দেখতে প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি আর্কষণ করছি।

 

 
প্রসঙ্গত, এবারের কোরবানির ঈদে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত দশ দিনের ছুটি দিয়েছে সরকার। এর মধ্যে ৫ থেকে ১০ জুন পর্যন্ত মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করে উপদেষ্টা পরিষদ। এর পর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।

Leave Your Comments