সুবিধাবাদী রাজনীতির ভয়াল চেহারা: চেয়ারম্যান দুলাল মিয়ার মুখোশ উন্মোচনের সময় এসেছে!

Date: 2025-05-27
news-banner


বিশেষ প্রতিনিধি :

সাপ্তাহিক বার্তা বিচিত্রার দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ তথ্য। স্থানীয় সরকার ব্যবস্থার ভিতর ঢুকে পড়া এক সুবিধাবাদী চরিত্র—মোঃ দুলাল মিয়া, চেয়ারম্যান, ৯ নং মোহাম্মদপুর ইউনিয়ন। তাঁর রাজনৈতিক অভিমুখ, আদর্শহীন লালসা ও দ্বিমুখী অবস্থান প্রশ্নবিদ্ধ করেছে গণতন্ত্র, শালীনতা ও প্রশাসনিক স্বচ্ছতার সবকিছু।

প্রমাণ বলছে, তিনি প্রথমবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পুনরায় আওয়ামী লীগের প্রতীক অর্জন করে ‘কাজের বিনিময়ে প্রতীক’ সংস্কৃতির এক জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর বিপুল পোস্টার, ছবি ও দালিলিক সাক্ষ্য রয়েছে বার্তা বিচিত্রার দখলে, যা প্রমাণ করে তিনি দলীয় প্রভাব কাজে লাগিয়ে ক্ষমতার মসনদে আরোহন করেন।

রাজনীতির ব্যাকস্টেজে আরও ভয়ংকর নাটক চলেছে ২০২৪ সালের ২৪ জুলাই। ছাত্রদের ন্যায্য আন্দোলন দমনে তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মোটা অঙ্কের অর্থ দিয়ে লেলিয়ে দেন। এমন স্পষ্ট তথ্য দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দায়িত্বশীল সূত্র।

চমকে ওঠার মতো তথ্য হলো—আওয়ামী লীগের শাসনামলে নিজেকে ‘নেতার প্রিয়ভাজন’ হিসেবে প্রতিষ্ঠিত করা দুলাল মিয়া বর্তমানে স্বৈরাচার বিরোধী ‘ভূতপূর্ব’ পরিচয়ে নতুন চাল চালছেন। ক্ষমতার পালাবদলে তাঁর ভোলবদল নজিরবিহীন। এখন তিনি বিএনপি ঘেঁষা লোকজনকে অর্থ-বিত্ত দিয়ে সন্তুষ্ট রেখে নিজের চেয়ারকে বাঁচাতে মরিয়া। এই দ্বিমুখী রাজনৈতিক চরিত্র নিয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্ট মহলে তীব্র ক্ষোভ ও আলোচনার ঝড় বইছে।

সবচেয়ে আশঙ্কাজনক তথ্য—এই চিহ্নিত আওয়ামী লীগপন্থী ব্যক্তি এখনো বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে বর্তমান সরকার ব্যবস্থার বিরুদ্ধে অর্থসাহায্য দিয়ে গোপন ষড়যন্ত্রে লিপ্ত। বার্তা বিচিত্রার অনুসন্ধানে এমন বহু তথ্য ও ফোনালাপের ক্লিপিংস পাওয়া গেছে, যেগুলো তদন্তযোগ্য।

এখন প্রশ্ন একটাই—একজন চিহ্নিত সুবিধাবাদী, রাজনৈতিক আদর্শহীন ব্যক্তি কিভাবে ইউনিয়নের সর্বোচ্চ প্রশাসনিক পদে বহাল তবিয়তে থেকে যায়? তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে সরকার কি আদর্শকে জলাঞ্জলি দিচ্ছে?

জনগণ জানতে চায়, প্রশাসন কবে সচল হবে? এই প্রশ্নের জবাব দিতে হবে—শুধু দুলাল মিয়াকে নয়, তাঁকে ছায়া দিয়ে চলা সেই প্রভাবশালী রাজনৈতিক চক্রকেও।

Leave Your Comments