পুতিনকে ড্রোন হামলায় হত্যার চেষ্টা করেছে ইউক্রেন!

Date: 2025-05-26
news-banner

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের একটি হত্যা প্রচেষ্টার লক্ষ্যবস্তু ছিলেন বলে অভিযোগ উঠেছে। একজন রুশ সামরিক কর্মকর্তার দাবি, গত ২০ মে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলার ‘কেন্দ্রস্থলে’ ছিল পুতিনের হেলিকপ্টারটি।


রুশ বার্তা সংস্থা আরবিসি’র বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট কমান্ডার ইউরি দাশকিন বলেছেন যে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রেসিডেন্টের উড্ডয়নের পথে পৌঁছানোর আগেই ড্রোনটিকে বাধা দিয়ে ধ্বংস করে দেয়। 

 
ওই কমান্ডার আরবিসি-কে বলেছেন, ২০ থেকে ২২ মে পর্যন্ত ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলার শিকার হয় রাশিয়া। এসময় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১,১৭০টি ড্রোন ‘ধ্বংস’ করে। 
 
 
ইউরি দাশকিন বলেন, ২০ মে পুতিনের কুরস্ক অঞ্চল সফরের সময় ইউক্রেন থেকে একটি ‘অভূতপূর্ব আক্রমণ’ চালানো হয়, যেখানে বিমান প্রতিরক্ষা বাহিনী ৪৬টি ড্রোন ভূপাতিত করে।
 
তিনি আরও বলেন, ‘আমি উল্লেখ করতে চাই যে কুরস্ক অঞ্চলের ভূখণ্ডের ওপর দিয়ে সুপ্রিম কমান্ডার-ইন-চিফের বিমানের উড্ডয়নের সময় আক্রমণের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। সুতরাং, আমরা একই সাথে একটি বিমান যুদ্ধেও লিপ্ত হয়েছিলাম এবং আকাশসীমায় প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করেছি।’
 
রুশ এই কর্মকর্তার দাবি, পুতিনের ‘হেলিকপ্টারটি কার্যকরভাবে বিশাল ড্রোন হামলার কেন্দ্রবিন্দুতে ছিল’। 
 
এদিকে, এ ঘটনা ইউক্রেনীয় ড্রোনের সক্ষমতা নিয়ে রাশিয়ায় উদ্বেগ সৃষ্টি করেছে। এটি কিয়েভের হত্যাচেষ্টা (পুতিনকে) নাকি বৃহত্তর মনস্তাত্ত্বিক অভিযান ছিল, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ

Leave Your Comments