চুক্তি করতে অস্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করবে না ইরান: মুখপাত্র

Date: 2025-05-26
news-banner

যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি নিশ্চিত করতে অস্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করবে না ইরান। সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা বলেছেন।


ওয়াশিংটনের সাথে ষষ্ঠ দফা আলোচনার জন্য এখনও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলেও জানান বাঘাই।


ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। 
  
আলোচনার লক্ষ্য দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কয়েক দশক ধরে চলমান বিরোধের সমাধান করা। তবে সম্প্রতি উভয় পক্ষই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি নিয়ে জনসমক্ষে কঠোর অবস্থান নিয়েছে।

ইরান-ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তিন বছরের জন্য সমৃদ্ধকরণ স্থগিত করতে পারে- এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে, মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইরান কখনই তা মেনে নেবে না।’

বাঘাই যুক্তরাষ্ট্রের সাথে একটি অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন।
 
একটি অস্থায়ী চুক্তিকে অস্থায়ী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে এমন সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোকেও উড়িয়ে দিয়েছেন এই মুখপাত্র।

এর আগে রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সপ্তাহান্তে ইরানের একটি প্রতিনিধিদলের সাথে মার্কিন আলোচকদের ‘খুব ভালো’ আলোচনা হয়েছে।
 
বাঘাই বলেন, ‘যদি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সদিচ্ছা থাকে, তাহলে আমরাও আশাবাদী, কিন্তু যদি আলোচনা ইরানের অধিকার খর্ব করার জন্য হয়, তাহলে আলোচনার কোনো ফল হবে না।’
  
বাঘাই আরও জানান, পরবর্তী দফা আলোচনার সময় সম্পর্কে মধ্যস্থতাকারী ওমানের কাছ থেকে আরও বিস্তারিত তথ্যের জন্য ইরান অপেক্ষা করছে।
 
সূত্র: রয়টার্স

Leave Your Comments