দুই ছাত্র উপদেষ্টা এনসিপির না, গণঅভ্যুত্থানের প্রতিনিধি: হাসনাত

Date: 2025-05-26
news-banner

অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা এনসিপির নন, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।


সোমবার (২৬ মে) দুপুর দেড়টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়ক প্রাঙ্গণে পথসভায় এ মন্তব্য করেন হাসনাত।


রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা কমিটির আয়োজিত পথসভায় তিনি আরও বলেন, ‘বিচার, সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা মানুষকে জানানোর জন্য এবং গণমানুষের ভাবনা জানতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পথসভা করছে। আমরা জানিয়েছি যে দুইজন ছাত্র উপদেষ্টা সরকারে রয়েছে, তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে রয়েছেন। সুতরাং এ বিষয়কে প্রাধান্য দিয়ে তাদের সম্মানহানি যেন না হয়।’


হাসনাত বলেন, ‘যখনই জাতীয় সংকট এসেছে, দেশি-বিদেশি বা অভ্যন্তরীণ দেশবিরোধী কোনো ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে, আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিরোধ করেছি। জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত আছে।’

এ সময় রাঙ্গুনিয়ার লিচুবাগানস্হ কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়ক প্রাঙ্গণে পথসভা আরও ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। 

এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপি রাঙ্গুনিয়ার দায়িত্বশীল সংগঠক মো. আবদুল কাইয়ুম, আব্দুল করিম টিপু  আশ্রাফুল গনি, ছাত্র প্রতিনিধি ইমতিয়াজ আরমান ও আদনান রাফি প্রমুখ।

Leave Your Comments