মাহাবুব হাসান মারুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর আবাদপুকুর থেকে বগুড়া জেলার কালিগঞ্জ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার আবাদপুকুর বাজার চত্বরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এমপি। পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এসময় রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে সড়ক ও জনপথ বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হোসেন এবং রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ওই মঞ্চে সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
এসময় আত্রাই ও রানীনগর উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, সড়ক ও জনপথ বিভাগ ৩৮ কোটি টাকা ব্যায়ে ১৭ কিলোমিটার দূরত্বের এই সড়ক উন্নয়ন বাস্তবায়ন করছে। এই সড়ক দীর্ঘদিন চলাচলের সম্পূর্ণ অযোগ্য ছিল। চলাচলের ক্ষেত্রে নওগাঁ, নাটোর এবং বগুড়া তিন জেলার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হয়।