শুমাখারের ঐতিহাসিক সেই ফেরারি বিক্রি হলো ২২০ কোটি টাকায়!

Date: 2025-05-25
news-banner

কিংবদন্তি ফর্মুলা ওয়ান (এফ ওয়ান) রেসার মাইকেল শুমাখারের ২০০১ সালের মোনাকো এবং হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স বিজয়ী ফেরারি গাড়িটি নিলামে ১৮.১৭ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০ কোটি টাকা) বিক্রি হয়েছে।



সোথবি’স জানিয়েছে, এই নিলাম শুমাখারের চালানো এফ ওয়ান গাড়ির মধ্যে নতুন রেকর্ড স্থাপন করেছে।

 
শনিবার (২৪ মে) মোনাকোতে গ্র্যান্ড প্রিক্সের যোগ্যতা অর্জনের ঠিক আগ মুহূর্তে এই বিশেষ নিলামটি অনুষ্ঠিত হয়। এফ-২০০১ মডেলের এই ফেরারিটি শুমাখারের ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। 
 
এই গাড়ি দিয়েই তিনি মোনাকোতে তার পঞ্চম ও শেষ গ্র্যান্ড প্রিক্স জয়লাভ করেন এবং এরপর হাঙ্গেরিতে বিজয়ী হয়ে তার চতুর্থ এফ ওয়ান বিশ্ব শিরোপা নিশ্চিত করেন। 

এর মাধ্যমে শুমাখারেরই আরেকটি গাড়ির পূর্বের রেকর্ড ভেঙেছে। ২০২২ সালে জেনেভায় একটি ইভেন্টে সোথবি’স এর বিক্রি করা ফেরারি এফ-২০০৩ মডেলের গাড়িটি বিক্রি হয়েছিল ১৩.২ মিলিয়ন মার্কিন ডলারে।
 
প্রসঙ্গত, ২০১৩ সালের ডিসেম্বরে গুরুতর মস্তিষ্কের আঘাতের পর থেকে জনসমক্ষে দেখা যায়নি ৫৬ বছর বয়সি শুমাখারকে। তার স্ত্রী কোরিনার সহায়তায় ২০২৫ সালের বাহরাইন গ্র্যান্ড প্রিক্স জ্যাকি স্টুয়ার্টের পরা একটি হেলমেটে তার স্বাক্ষর যোগ করা হয়েছিল, সাথে অন্য ২০ জন এফ ওয়ান বিশ্ব চ্যাম্পিয়নের স্বাক্ষরও ছিল।

Leave Your Comments