ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হালিম গ্রেফতার

Date: 2025-05-23
news-banner

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৫০ ভরি স্বর্ণালংকার ও সাড়ে সাত লাখ টাকার মালামাল লুটের ঘটনায় মূল হোতা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে নাকবোঁচা হালিমকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব।


বৃহস্পতিবার (২২ মে) রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি বরগুনা জেলা সদর এলাকায়।


শুক্রবার (২৩ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি জানান, গ্রেফতার আব্দুল হালিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা, ২টি অস্ত্র মামলা, ৪টি হত্যা ও হত্যাচেষ্টা মামলা, ২টি নারী ও শিশু নির্যাতন মামলা, ২টি মাদক মামলা ও ১টি মানব পাচার মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে। এ ছাড়া তিনি ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫টি ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

সাজ্জাদ হোসেন জানান, গত বছরের ২৬ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিমের বাড়িতে ফিল্মি কায়দায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে ওই ব্যবসায়ীর পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা-মুখ বেঁধে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সাড়ে সাত লাখ টাকার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ব্যবসায়ী রেজাউল করিমের ছেলে আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় ডাকাতি মামলা করেন। ডাকাতির ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টাসহ আব্দুল হালিমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব-১১ অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

Leave Your Comments