খুলনায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১৭ বছরের ষড়যন্ত্র ছিল একপাক্ষিক, কিন্তু হাসিনা পালানোর পর রাজনীতির যাত্রাপথে পদে পদে বাধা দেয়া হচ্ছে, এখন অন্য ধরনের ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনার চালাকি সবাই বোঝে শুধু আপনি বোঝেন না। নন্দিত হয়ে বিদায় নেন, নিন্দিত হয়ে বিদায় নিয়েন না, জনগণের অধিকার তাদের ফিরিয়ে দেন।
এনসিপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, বিবেক দিয়ে অনুধাবন কর বাস্তবতা নিয়ে ভাবো জনগণের মনের কথা জানার চেষ্টা করো।
তিনি আরো বলেন, ‘সরকার যদি আমাদের দাবি পূরণ না করে আমরাও যারা নিষিদ্ধ এলাকায় তিন দিন দাঁড়িয়ে থেকে দাবি আদায় করে চলে আসছে আমরাও লাখ লাখ মানুষ নিয়ে তাহলে দাঁড়িয়ে থাকব। আর আমরা দাঁড়িয়ে থাকলে আপনারা কোথায় যাবেন।’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ১০ জেলার বিএনপি নেতারা অংশগ্রহণ করেন। সভায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও ৫ জন তরুন সদস্যের ফরম পুরণের মধ্যদিয়ে খুলনা বিভাগীয় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি।