দেশীয় গবেষণা বিকাশে খুলনা বিশ্ববিদ্যালয়ে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন বাজেটের আওতায় ৪০টি গবেষণা প্রকল্পের জন্য মোট ২ কোটি ৫ লাখ ৪৯ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষকদের হাতে চেক তুলে দেন।
তিনি বলেন, ‘প্রতিবছর খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিমাণ ও গুণগত মান বাড়ছে। গবেষণার জন্য বরাদ্দও বাড়ছে, যা একটি ইতিবাচক অগ্রগতি। আমাদের গবেষকদের অনেক কাজ আন্তর্জাতিক মানসম্পন্ন—যেগুলো যথাযথভাবে উপস্থাপন করলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও সমৃদ্ধ হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।
ড. হারুনর রশীদ বলেন, ‘উন্নত বিশ্বে গবেষণায় বাজেট বরাদ্দ অনেক বেশি। আমরা সীমিত সম্পদের মধ্যেও যেভাবে গবেষণার মান ধরে রাখছি, তা প্রশংসনীয়। কৃষি গবেষণা আমাদের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখছে।’
ট্রেজারার ড. নূরুন্নবী গবেষণা প্রকল্পগুলোর নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলাম। বরাদ্দপ্রাপ্ত গবেষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার ফিরোজ আহম্মেদ এবং সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রভাষক নিশানা আফরিন নিশু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।